নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন মান্দাই ব্লকের অন্তর্গত এন.ই.সি কলোনির চৌদ্দ মোহন এলাকার বাসিন্দারা। অভিযোগ, এলাকায় জল জীবন মিশনের ওয়াটার পাম্প থাকলেও নিয়মিত মিলছে না পানীয় জল। ফলে প্রতিদিনই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয় মানুষকে।
সবচেয়ে করুণ পরিস্থিতির শিকার হয়েছেন এলাকার এক বৃদ্ধ। তাঁর অভিযোগ, টানা সাত দিন ধরে তিনি পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না। আগে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে জল ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করা হলেও বর্তমানে সেটিও বন্ধ হয়ে গেছে বলে দাবি তাঁর।
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। গরমের মধ্যে পানীয় জলের অভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে ওই বৃদ্ধ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়ে বলেন, অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হোক। এখন প্রশাসন এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।