বিলোনিয়ায় গরু চুরি কাণ্ডে বড় সাফল্য, মেলাঘর থেকে আটক ৩ সন্দেহভাজন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় ধারাবাহিক গরু চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে মেলাঘর থেকে তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সবুজ মিয়া, ইমরান হোসেন এবং এক নাবালক। বৃহস্পতিবার তাদের বিলোনিয়া আদালতে তোলা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে।
এদিন দুপুরে বিলোনিয়া থানার ওসির কক্ষে সাংবাদিক বৈঠক করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি । তিনি জানান, গরু চুরির সঙ্গে জড়িত একটি বড় চক্র সক্রিয় রয়েছে এবং এই চক্রে প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য কাজ করছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশ সুপার বলেন, “এই চক্রের সঙ্গে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে। তদন্ত জোরকদমে চলছে।” পাশাপাশি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, “কোনও সন্দেহজনক গতিবিধি কিংবা অবৈধভাবে গবাদি পশু পরিবহন নজরে এলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় খবর দিন। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”
উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকায় অন্তত ৫২টি গরু চুরির অভিযোগ সামনে আসে। একের পর এক চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা পথ অবরোধ ও পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচিও পালন করেন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠতেই প্রশাসন নড়েচড়ে বসে।
পরবর্তীতে মেলাঘর থানার পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে এই তিন সন্দেহভাজনকে আটক করা হয় এবং পরে তাদের বিলোনিয়া থানার হাতে তুলে দেওয়া হয়। এখন তদন্ত কোন দিকে এগোয় এবং গোটা চক্রের কতজন সদস্য পুলিশের জালে ধরা পড়ে, সেদিকেই নজর স্থানীয়দের।