Home » Blog » তেলিয়ামুড়ায় বিদ্যুৎ বিভ্রাটে দপ্তরে তালা, আটকে কর্মী

তেলিয়ামুড়ায় বিদ্যুৎ বিভ্রাটে দপ্তরে তালা, আটকে কর্মী

অফিসে কর্মীকে আটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ

by Planet Tripura
0 comments 246 views

তেলিয়ামুড়ায় বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোভ বিস্ফোরণ, অফিসে কর্মীকে আটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ

তেলিয়ামুড়া প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দারা। বারবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার সন্ধ্যায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা সরাসরি তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন–১ কার্যালয়ে গিয়ে দপ্তরের কর্মী দেবাশীষ আচার্যকে অফিস কক্ষে রেখেই বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

এলাকাবাসীর সাফ বক্তব্য, “বিদ্যুৎ না এলে তালা খুলবে না।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট চলছে। জরুরি নম্বরে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ দপ্তরে ছুটে যান এলাকাবাসী। সেখানে গিয়ে তারা দেখেন অফিসে কোনো কর্মী উপস্থিত নেই। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেবাশীষ আচার্য অফিসে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের দাবি, ওই কর্মী মদ্যপ অবস্থায় অফিসে এসেছিলেন। পাশাপাশি অভিযোগ ওঠে, পশ্চিম হাওয়াইবাড়িতে বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা বলে দপ্তরের কিছু কর্মী এলাকায় গেলেও কাজ না করে বড়মুড়া এলাকায় গিয়ে মদ্যপানে মত্ত হন।

ঘটনার খবর বিদ্যুৎ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসকে জানানো হলেও তিনি ঘটনাস্থলে আসেননি বলেও অভিযোগ স্থানীয়দের। বিক্ষুব্ধ জনতার দাবি, সাধারণ মানুষের সমস্যাকে গুরুত্ব না দেওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের অফিস তালাবদ্ধ অবস্থায় ছিল এবং ভিতরে আটকে ছিলেন কর্মী দেবাশীষ আচার্য।

উল্লেখ্য, একদিকে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী Ratan Lal Nath দপ্তরের উন্নয়নের দাবি তুলে ধরছেন, অন্যদিকে তেলিয়ামুড়ার এই ঘটনায় পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর প্রশ্ন—“বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে কবে, আর দায়িত্বজ্ঞানহীনতার জবাবই বা দেবে কে?”

You may also like

Leave a Comment