তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যন্ত এলাকায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে খাবাকসা পাড়া নামের একটি গ্রাম। অল্প সময়ের মধ্যেই বর্তমান রাজ্য সরকার, বিশেষ করে স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়-এর তৎপরতায় গ্রামটিতে পানীয় জল, বিদ্যুৎ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই ধারাবাহিকতায় আজ কৃষি দপ্তরের উদ্যোগে ও সহায়তায় সংশ্লিষ্ট গ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জনপদের প্রায় পাঁচশো সুবিধাভোগীর হাতে আধুনিক মানের আম, লিচু, আপেল কুলসহ বিভিন্ন ফলের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক রিতেশ দেব এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা বলেন, সংশ্লিষ্ট এলাকার উন্নয়নের জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে আরও অনেক কাজ বাকি রয়েছে। তিনি এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে আহ্বান জানান, জীবনযাত্রার মানোন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা লিখিত আকারে জানালে সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
আজকের এই উদ্যোগ আবারও প্রমাণ করল যে, বর্তমান সরকার ও জনপ্রতিনিধিরা উন্নয়নের কর্মযজ্ঞকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে বদ্ধপরিকর।