Home » Blog » বামুটিয়ায় জওয়ানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ আতঙ্ক

বামুটিয়ায় জওয়ানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ আতঙ্ক

by Planet Tripura
0 comments 0 views

নবগ্রাম চৌমুহনীতে গভীর রাতে আতঙ্ক;

নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব এলাকাবাসী

 

বামুটিয়া, নিজস্ব প্রতিনিধি:


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের উল্লাসকে ঘিরে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে উদযাপনের আবহের মধ্যেই বামুটিয়া এলাকার নবগ্রাম পঞ্চায়েতের অধীন নবগ্রাম চৌমুহনীতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গভীর রাতে এক বিএসএফ জওয়ানের বাড়ির সামনে বোমা সদৃশ বিস্ফোরণ ঘটানো হয়, যার জেরে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় বিজয় মিছিল ও উদযাপন শুরু হয়। যদিও সন্ধ্যার মধ্যেই অধিকাংশ মিছিল শেষ হয়ে যায়, তবুও রাত গভীর হওয়া পর্যন্ত কিছু দুষ্কৃতী বাজি ফাটানো, উচ্চস্বরে গান বাজানো এবং বাইক নিয়ে দাপাদাপি চালিয়ে যায় বলে অভিযোগ।

এরই মাঝে প্রায় রাত একটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নবগ্রাম চৌমুহনী এলাকা। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, এক বিএসএফ কর্মীর বাড়ির সামনে বোমা সদৃশ কিছু বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও ঘটনাস্থলে কাউকে দেখতে পাওয়া যায়নি, তবুও এই ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, সংশ্লিষ্ট বিএসএফ জওয়ান বর্তমানে কর্মসূত্রে রাজ্যের বাইরে কর্মরত। তার বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং দুই ছোট শিশু। হঠাৎ এই বিস্ফোরণের শব্দে শিশুরা আতঙ্কে কেঁদে ওঠে বলে জানান পরিবার-পরিজন।

এলাকাবাসীর অভিযোগ, কিছু অসামাজিক ব্যক্তি শাসক দলের নাম ভাঙিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে রাতের নিরাপত্তা ও পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

You may also like

Leave a Comment