অভিযোগের পাহাড় ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে,
হয়রানি রুখতে পূর্ব থানায় ই-অটো চালকদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৭ এপ্রিল : শহরের অটোচালকদের উপর দীর্ঘদিন ধরে চলতে থাকা চাঁদাবাজি, হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে সরব হল ত্রিপুরা ইলেকট্রনিক অটোরিকশা ইউনিয়ন।বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর সঙ্গে যুক্ত এই ইউনিয়নের এক প্রতিনিধিদল সোমবার পূর্ব আগরতলা থানার ওসি-র কাছে ডেপুটেশন দিয়ে ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। ইউনিয়নের অভিযোগ, ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ দীর্ঘদিন ধরেই অটোচালকদের কাছ থেকে নানা অজুহাতে নিয়মিত অর্থ আদায় করছেন।
দাবি করা হয়, চালকরা টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। বিষয়টি নিয়ে পূর্ব থানার কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।বিএমএস-এর পশ্চিম ত্রিপুরা জেলার প্রভারী লিটন পাল অভিযোগ করে বলেন, ট্রাফিক আইনের আড়ালে নামে-বেনামে জরিমানা আদায় করে সরকারি কোষাগারের পাশাপাশি নিজের পকেটও গরম করা হচ্ছে।
খাকি উর্দির দাপটে গরিব যান শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। অটো, টমটম ও ই-রিক্সা চালকদের দাবি, পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় প্রতিদিন সকাল থেকে ঘাঁটি গেড়ে বসে চলে এই অবৈধ অর্থ আদায়ের কারবার। শুধু অটোচালক নয়, বাইক ও স্কুটি চালকদের সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ উঠেছে এই ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে।
ফলে শহরের এক বৃহৎ অংশের যানচালকই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। ইউনিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগেও একাধিকবার মুক্তা ঘোষের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সমস্যার সমাধান না হওয়ায় এবার তারা সরাসরি থানার দ্বারস্থ হয়েছে।
এদিকে, পূর্ব আগরতলা থানার কর্তৃপক্ষ ইউনিয়নের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এবং বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনা হবে বলেও জানিয়েছে। তবে অটো ইউনিয়ন নেতারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ে বিষয়টি তুলে ধরার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।এছাড়াও শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিএমএস নেতৃত্ব। তাঁদের মতে, রাস্তার দু’পাশে চলমান মেরামতি কাজ, বেআইনি পার্কিং এবং দখলদারির কারণে আগরতলায় যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
এর উপর ট্রাফিক পুলিশের একাংশের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সমস্ত দিক বিবেচনা করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে অটো ইউনিয়ন ও শ্রমিক সংগঠন বিএমএস।
