কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ,
গণআন্দোলনের ডাক প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৬ এপ্রিল : কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে দেশজুড়ে গণআন্দোলনের আহ্বান জানাল প্রদেশ কংগ্রেস। এক লিখিত বিবৃতিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী স্লোগান তুলে ক্ষমতায় এলেও বর্তমান সরকার নিজেই বৃহৎ আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনের আগে বিজেপি ও আরএসএস দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামনে রেখে দেশজুড়ে প্রচার চালায়।
সে সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সততাই সংকল্প ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দেওয়া হলেও, ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ তোলা হয়। প্রদেশ কংগ্রেসের দাবি, পূর্ববর্তী ইউপিএ সরকারের বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, সেগুলির অধিকাংশই পরবর্তীতে তদন্তে প্রমাণিত হয়নি। দেশের সর্বোচ্চ আদালতসহ বিভিন্ন তদন্তকারী সংস্থা ওই অভিযোগগুলির যথেষ্ট ভিত্তি খুঁজে পায়নি বলেও দাবি করা হয়।
এছাড়া অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলগুলিকে চাপে রাখতে ইডি, সিবিআই এবং আয়কর দফতরের মতো সংস্থাগুলিকে ব্যবহার করছে। সংসদে প্রশ্ন তোলা বা দুর্নীতির অভিযোগ সামনে আনলে বিরোধী নেতাদের সাসপেনশন, মামলা এবং প্রশাসনিক চাপের মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (ক্যাগ)-এর একাধিক রিপোর্টে বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের উল্লেখ রয়েছে।
বিশেষ করে দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি, ভারতমালা প্রকল্পে খরচ বেড়ে যাওয়া এবং আয়ুষমান ভারত প্রকল্পে ভুয়ো সুবিধাভোগীর অভিযোগ তুলে ধরা হয়েছে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, সাম্প্রতিক ক্যাগ রিপোর্টে ১৫টি গুরুত্বপূর্ণ দপ্তরে প্রায় ৫৪ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে, যা সরকার অস্বীকার করতে পারেনি।এই অর্থ জনগণের করের টাকা এবং এর সঠিক হিসাব জনগণের সামনে তুলে ধরার দাবি জানানো হয়েছে।একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কর্পোরেটপন্থী নীতি গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
দাবি করা হয়, এতে দেশের সাধারণ মানুষ, বিশেষত শ্রমজীবী ও কৃষক শ্রেণি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতির প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সকল গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
