সোশ্যাল মিডিয়ায় হুমকি, ৫০ লাখ টাকা দাবি—টাকা না পেয়ে বাড়িতে ঢুকে গুলি, বিশালগড়ে আতঙ্ক
বিশালগড়ে ক্রমশ বেড়ে চলেছে দুষ্কৃতী কার্যকলাপ, আর তার কেন্দ্রে উঠে আসছে কুখ্যাত রণবীরের নাম। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি দেওয়ার পরই এক বাড়িতে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে সে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রণবীর ফোনে ৫০ লাখ টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় সে বাড়িতে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এলাকাবাসীর একাংশের দাবি, রণবীর দীর্ঘদিন ধরেই চুরি, ছিনতাই, বোমাবাজি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একাধিকবার অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
স্থানীয়দের প্রশ্ন, এত গুরুতর অভিযোগের পরও কেন পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? অনেকেই মনে করছেন, প্রভাবশালী রাজনৈতিক মহলের মদত না থাকলে এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা এবং হুমকি দেওয়া সম্ভব নয়।
ঘটনার পর থেকে এলাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—আইনের শাসন কি সত্যিই কার্যকর, নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় দুষ্কৃতীরা আরও শক্তিশালী হয়ে উঠছে?
এখন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত রণবীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বত্র।
