Home » Blog » ধর্মনগর মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

ধর্মনগর মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

by Planet Tripura
0 comments 11 views

ভারত–বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত মহেশপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হলেন এক বিএসএফ জওয়ান। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)। তিনি ৯৭ নম্বর ব্যাটালিয়ন বিএসএফে কর্মরত বলে জানা গেছে।

বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে বলে অভিযোগ। সেভেন সিস্টার্স দখল, পশ্চিমবঙ্গকে আলাদা করার মতো উসকানিমূলক মন্তব্য ঘিরে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে ভারত সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে।

এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে, প্রায় রাত ১টা নাগাদ, মহেশপুর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে জওয়ান বিপিন কুমার গুলিবিদ্ধ হন। সূত্রের খবর, তাঁর বাম হাতের উপরের অংশে অর্থাৎ কাঁধে (শোল্ডারে) দুটি গুলি লাগে। তবে কী পরিস্থিতিতে বা কার গুলিতে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিএসএফের তরফে কোনও স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গুলিবিদ্ধ জওয়ানকে দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ভারত–বাংলাদেশ সীমান্তে এই ধরনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নতুন করে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর।

You may also like

Leave a Comment