নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ই সেপ্টেম্বর ২০২৫ : বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আগরতলায় বিশেষ অনুষ্ঠান, উপস্থিত মন্ত্রী টিংকু রায় ও দীপা কর্মকার
বিস্তারিত সংবাদ:
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানী আগরতলায় আজ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ফিজিওথেরাপির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিওথেরাপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তিনি আরও দাবি করেন, রাজ্য সরকার বিশেষত ক্রীড়া দপ্তরের সহায়তায় ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। এই উন্নয়ন শুধু শহরেই সীমাবদ্ধ নয়, গ্রামীণ এলাকাতেও আধুনিক ক্রীড়া সামগ্রী ও পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ তথা রাজ্যের গর্ব অলিম্পিয়ান দীপা কর্মকার, বিশিষ্ট সমাজকর্মী সুজিত রায় সহ আরও অনেকে।
