Home » Blog » টিকিট বিতর্কে সৌরভের কড়া জবাব

টিকিট বিতর্কে সৌরভের কড়া জবাব

সিএবি-র বিরুদ্ধে টিকিট দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে স্বচ্ছতার দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

by Mithun Bhowmik
0 comments 3 views
sourav-ganguly-cab-ticket-distribution-corruption-row

টিকিট বিতর্কে সিএবি-র পাশে সৌরভ, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন

কলকাতা, ১১ সেপ্টেম্বর: বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বিরুদ্ধে ওঠা টিকিট বণ্টন সংক্রান্ত অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে দাবি করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই সাংবাদিক বৈঠক করে ২০২৩ ও ২০২৬ সালের বিশ্বকাপের কমপ্লিমেন্টারি টিকিট বণ্টন নিয়ে ওঠা বিতর্কের জবাব দেন তিনি।

তথ্য ও নথি সামনে রেখে সৌরভ জানান, আইসিসি আয়োজিত টুর্নামেন্টের টিকিট বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকেই সেই নিয়ম সম্পর্কে অবহিত করা হয়েছে। সেই নির্দেশিকা মেনেই সিএবি-তে টিকিট বণ্টন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

টিকিট বণ্টন নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে সিএবি সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, সংস্থার কার্যকলাপে কোনও ধরনের দুর্নীতি নেই। তাঁর দাবি, সিএবি-র সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গেই পরিচালিত হয়। বিশ্বকাপ আয়োজনের সঙ্গে নিজে যুক্ত থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে সৌরভ বলেন, টিকিট বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে এবং সেই কারণেই তিনি স্বচ্ছতার বিষয়টি জোর দিয়ে বলতে পারছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। তার আগে টিকিট বিতর্ককে কেন্দ্র করে সৌরভের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই কোনও পক্ষ থেকে পরিকল্পিতভাবে প্রচার চালানো হচ্ছে—এমন কথাও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। যদিও এ ধরনের প্রচার নিয়ে সরাসরি কোনও পক্ষের নাম করেননি সৌরভ।

বরং নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে কোনও লাভ হবে না। সৌরভের কথায়, “আমার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। আমি এবং আমরা এখানে ভলান্টিয়ার সার্ভিস দিয়ে থাকি। আমার ভাবমূর্তি সিএবি দিয়ে চলে না।”

ফলে বার্ষিক সাধারণ সভার আগে সিএবি-র টিকিট বিতর্কে সৌরভের এই সাংবাদিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বঙ্গ ক্রিকেট মহল। অভিযোগের পাল্টা জবাবে নথি ও নিয়মের উল্লেখ করে নিজের এবং সিএবি-র অবস্থান স্পষ্ট করলেন সভাপতি।

You may also like

Leave a Comment