Home » Blog » উদয়পুরে খাদ্য নিরাপত্তায় যৌথ অভিযান

উদয়পুরে খাদ্য নিরাপত্তায় যৌথ অভিযান

মিষ্টির দোকান ও হোটেলে অনিয়ম, বাজেয়াপ্ত খাবার; লাইসেন্স না থাকায় হোটেল বন্ধ

by Mithun Bhowmik
0 comments 2 views
উদয়পুরে খাদ্য অভিযান

জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে মঙ্গলবার গোমতী জেলার উদয়পুর মহকুমায় বিশেষ যৌথ অভিযান চালাল প্রশাসন। স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে আকস্মিক পরিদর্শন করেন।

জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মার নেতৃত্বে গকুলপুর, রাজারবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গকুলপুরের তিনটি মিষ্টির দোকান এবং রাজারবাগ মোটরস্ট্যান্ড সংলগ্ন একটি মিষ্টির দোকান ও একটি হোটেল পরিদর্শন করা হয়।

অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য সুরক্ষা বিধি মানার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসে। আধিকারিকদের দাবি, অধিকাংশ মিষ্টির দোকানে প্যাকেটজাত খাদ্যসামগ্রীর উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। পাশাপাশি রান্নাঘর ও খাদ্য তৈরির স্থান অপরিচ্ছন্ন থাকার অভিযোগও পাওয়া যায়।

পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রিজে রাখা অস্বাস্থ্যকর মিষ্টি, ছানা, দইসহ বেশ কিছু খাদ্যসামগ্রী উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানে পুরনো খাবার মজুত এবং নিম্নমানের মশলা ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।

অন্যদিকে, রাজারবাগ এলাকার একটি হোটেলে বৈধ ফুড লাইসেন্স না থাকায় সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে কয়েকটি সিলিন্ডারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযান শেষে জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মা জানান, খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। মানুষের স্বাস্থ্য ও জীবন সবার আগে উল্লেখ করে তিনি বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে প্রশাসন ব্যবসায়ীদের পাশে থাকবে। তবে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও জানান, অভিযানে অনিয়ম ধরা পড়া মিষ্টির দোকান ও হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনেও উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

You may also like

Leave a Comment