ঊনকোটি: জেলা হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ঊনকোটি জেলা হাসপাতালে সরেজমিনে পরিদর্শনে গেল কংগ্রেস নেতৃত্ব। এদিন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO)। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও রোগীদের পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখা হয় বলে জানা গেছে।
কংগ্রেসের অভিযোগ, পরিদর্শনের সময় কয়েকজন নার্স দায়িত্ব পালনের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত ছিলেন। এমনকি CMO-কে নিয়েও তাঁদের মধ্যে পরিচিতির অভাব লক্ষ্য করা যায় বলে দাবি করা হয়েছে। হাসপাতালের কয়েকটি টয়লেট তালাবদ্ধ রাখার অভিযোগও তুলেছে কংগ্রেস। এতে রোগী ও তাঁদের পরিজনদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি তাদের।
এছাড়াও কিছু চিকিৎসক নিয়মিত রোগী না দেখে প্রাইভেট প্র্যাকটিসে বেশি সময় দিচ্ছেন বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ আসছিল। সেই অভিযোগের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতেই CMO-কে সঙ্গে নিয়ে এই পরিদর্শন।
তবে কংগ্রেসের তোলা অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক বা নার্সদের বক্তব্য প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।