Home » Blog » সাব্রুম স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ২০২৫-২৬

সাব্রুম স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ২০২৫-২৬

জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যকে পাথেয় করে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর আবহে মেধা পুরস্কার বিতরণ

by Planet Tripura
0 comments 6 views

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩রা জুলাই ২০২৬ : ‘জ্ঞান • শৃঙ্খলা • সাফল্য’—এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষক-অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

আজকের এই বিশেষ অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়াশোনা ও বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানজনক ‘যামিনী স্মৃতি বৃত্তি’ তুলে দেওয়া হয়। পুরস্কার হাতে পেয়ে খুদে পড়ুয়া ও কৃতী শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। এই সময় বক্তারা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিদ্যালয়, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক দিলীপ দাস। এছাড়াও আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক রঞ্জন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী শান্তি প্রিয় ভৌমিক এবং সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা শিক্ষার্থীদের অধ্যবসায়, কঠোর শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শুধু ভালো নম্বর পাওয়াই নয়, সমাজ গঠনে ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। সেই সাথে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য ও ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান তাঁরা। সমগ্র অনুষ্ঠানটি ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক দারুণ উন্মাদনা ও আনন্দের পরিবেশ পরিলক্ষিত হয়।

You may also like

Leave a Comment