শহর উন্নয়নের স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ: মুখ্যমন্ত্রীর আশ্বাসে মন্ত্রী বাড়ি রোডের ৬০ বছরের পুরনো দোকানপাট স্বেচ্ছায় ভাঙছেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা: স্মার্ট সিটি ও আধুনিক নগরোন্নয়নের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে চলেছে রাজধানী আগরতলা। আগরতলা পুর নিগমের (AMC) নির্দেশ মেনে শহরের অন্যতম ব্যস্ত এলাকা মন্ত্রী বাড়ি রোড স্থিত প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো বেশ কিছু দোকানপাট ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কোনো রকম প্রশাসনিক বলপ্রয়োগ বা উচ্ছেদ অভিযান ছাড়াই, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের উদ্যোগেই এই দোকানগুলো ভেঙে নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী বাড়ি রোডের এই পুরনো দোকানগুলি দীর্ঘ কয়েক দশক ধরে ওই এলাকার অর্থনৈতিক ও বাণিজ্যিক ঐতিহ্যের অংশ ছিল। সম্প্রতি আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শহরকে আরও সুন্দর ও যানজটমুক্ত করতে এই দোকানগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এত বছরের পুরনো রুজি-রুটির সংস্থান এক লহমায় হারিয়ে যাওয়ার আশঙ্কায় স্বাভাবিকভাবেই প্রথমে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা।
প্রশাসনের নির্দেশ পাওয়ার পর ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে দেখা করেন। ব্যবসায়ীরা জানান, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ও মেয়র অত্যন্ত সহানুভূতির সাথে তাদের সমস্যা শোনেন এবং স্পষ্ট আশ্বাস দেন যে, উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থার ব্যবস্থা করা হবে।
প্রশাসনের এই ইতিবাচক ও মানবিক আশ্বাসে আশ্বস্ত হয়ে ব্যবসায়ীরা শহর উন্নয়নের এই মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। কোনো প্রকার সংঘাতের পথে না গিয়ে, তারা প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে নিজেদের উদ্যোগে দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন।
ব্যবসায়ীদের এই দায়িত্বশীল ভূমিকা একদিকে যেমন শহর উন্নয়নের কাজকে দ্রুততর করবে, অন্যদিকে তেমনি প্রশাসন ও জনগণের পারস্পরিক সমন্বয়ের এক অনন্য নজির সৃষ্টি করল। এখন দেখার, এই সমস্ত পুরনো ব্যবসায়ীদের রুজি-রুটি রক্ষায় পুর নিগম কত দ্রুত তাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা সম্পন্ন করে।