Home » Blog » বিশ্ব রক্তদাতা দিবস: প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তরের রক্তদান শিবির

বিশ্ব রক্তদাতা দিবস: প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তরের রক্তদান শিবির

রক্তদান শিবিরে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান

by Planet Tripura
0 comments 1 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ‘রক্তের কোনো বিকল্প নেই, রক্তদানই জীবনের শ্রেষ্ঠ উপহার’— এই বার্তা নিয়ে রাজধানী আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষ্যে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের যৌথ উদ্যোগে এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী প্রজ্ঞা ভবনের রক্তদান শিবিরটি পরিদর্শণ করেন এবং স্বেচ্ছায় রক্তদান করতে আসা রক্তদাতাদের সাথে মতবিনিময় করে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও উৎসাহ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প হতে পারে না। ত্রিপুরা সবসময়ই স্বেচ্ছায় রক্তদানে দেশের মধ্যে এক গৌরবময় স্থান অধিকার করে এসেছে। কোভিড মহামারীর মতো কঠিন সময়েও ত্রিপুরার মানুষ রক্তসংকট দূর করতে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও যোগ করেন, রক্ত কোনো জাতি, ধর্ম বা ভেদাভেদ চেনে না, এটি আমাদের মানবিকতার বন্ধনে আবদ্ধ করে।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ব্লাড ব্যাংকগুলোর আধুনিকীকরণ করা হচ্ছে। তবে শুধু পরিকাঠামো থাকলেই চলবে না, রক্তের জোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সামাজিক জনজাগরণ অত্যন্ত জরুরি। বিশেষ করে রাজ্যের যুবসমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে প্রতি তিন-চার মাস অন্তর নিয়মিত রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

এদিনের এই রক্তদান শিবিরে সকাল থেকেই আইনজীবী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠান মঞ্চ থেকে বিগত দিনে রক্তদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবকেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়।

You may also like

Leave a Comment