প্ল্যানেট ত্রিপুরা প্রতিনিধি :- ত্রিপুরায় বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন আদালত চত্বরে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল জয় জয়কার হলো কংগ্রেস ও সিপিএমের যৌথ জোট ‘সংবিধান বাঁচাও মঞ্চের’। হেভিওয়েট এই নির্বাচনে শাসক শিবিরকে কার্যত ধুয়ে-মুছে সাফ করে জয় ছিনিয়ে নিল বিরোধী জোট। আর এই ফলাফল ঘোষণা হতেই আদালত চত্বরে শুরু হয়েছে কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। আবির খেলায় মেতে উঠেছেন আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা।
তীব্র উত্তেজনা এবং টানটান লড়াইয়ের পর অবশেষে এল বহু প্রতীক্ষিত ফলাফল। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী লড়াইয়ে এবার বাজিমাত করল বিজেপি বিরোধী ফ্রন্ট। কংগ্রেস এবং সিপিআইএমের যৌথ মঞ্চ ‘সংবিধান বাঁচাও মঞ্চ’ এই নির্বাচনে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে।
সকাল থেকেই ভোট গণনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ছিল আঁটসাঁট। তবে বিকেলের দিকে যখনই একের পর এক আসনে ‘সংবিধান বাঁচাও মঞ্চের’ প্রার্থীদের জয়ের খবর আসতে থাকে, অমনি উল্লাসে ফেটে পড়ে গোটা আদালত চত্বর।
রাজনৈতিক মহলের মতে, এই নির্বাচন কেবল আইনজীবীদের সংগঠনের লড়াই ছিল না, এটি ছিল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি বড় প্রতিফলন। শাসক দলের সমস্ত কৌশলকে পরাস্ত করে বিরোধী জোটের এই জয় আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপাতত আদালত চত্বর জুড়ে শুধুই জয়ের স্লোগান আর উৎসবের আমেজ।