শান্তিরবাজার প্রতিনিধি, মিঠুন ভৌমিক: দক্ষিণ ত্রিপুরার কলসীরমুখ এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। মৃতের নাম অজয় শীল শর্মা। তিনি শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানাধীন পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা। শুক্রবার ষষ্ঠীর সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, শুক্রবার সকালে TR-08-G-8309 নম্বরের স্কুটি নিয়ে জোলাইবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অজয় শীল শর্মা। কলসীরমুখ এলাকায় পৌঁছতেই TR-03-J-1739 নম্বরের একটি মালবাহী ট্রাক তাঁর স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি স্কুটি থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যান। দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি দমকল বাহিনী ও বাইখোড়া থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে, শান্তিরবাজার মহকুমার বিভিন্ন এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দুর্ঘটনা রোধে যানবাহনের গতির উপর নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী।