Home » Blog » সরকারি রাস্তা আটকে বাঁশের বেড়া

সরকারি রাস্তা আটকে বাঁশের বেড়া

পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে বেড়া সরালেন মহকুমা শাসক, মঙ্গলবার সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ

by Mithun Bhowmik
0 comments 2 views
দক্ষিণ ঘিলাতলীতে রাস্তার বাঁশের বেড়া অপসারণে প্রশাসনের অভিযান

সরকারি নির্দেশ অমান্য করে বারবার রাস্তা আটকে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সোমবার দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালান তেলিয়ামুড়ার মহকুমা শাসক। অভিযানে রাস্তার উপর থাকা বাঁশের বেড়া সরিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিআরপিসি চেয়ারপার্সন পাতালকন্যা জমাতিয়ার লোকজনের বিরুদ্ধে ওই রাস্তায় বারবার বাঁশের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এর আগে দু’বার বেড়া সরানো হলেও ফের তৃতীয়বার রাস্তা আটকে দেওয়ায় এলাকায় ক্ষোভ ছড়ায়। খবর পেয়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক। পরে প্রশাসনের উদ্যোগে বেড়া অপসারণ করা হয়।

ঘটনাস্থলে মহকুমা শাসক জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৬(৩) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ বা ডিমার্কেশন করা হবে বলেও জানান তিনি।

মহকুমা শাসক স্পষ্ট করেন, বৈধ পাট্টাপ্রাপক তাঁর জমির অধিকার পাবেন এবং সাধারণ মানুষের সরকারি রাস্তা দিয়ে চলাচলও নিশ্চিত করা হবে। পাশাপাশি, কোনও গুজবে কান না দিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান তিনি।

You may also like

Leave a Comment