Home » Blog » দক্ষিণ জেলা হাসপাতালে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন

দক্ষিণ জেলা হাসপাতালে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন

ল্যাব, আইসিইউ ও সিসিইউসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন; চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবার প্রশংসা প্রতিনিধি দলের

by Planet Tripura
0 comments 27 views

শান্তির বাজার প্রতিনিধি: ৩১ই জুলাই ২০২৬ইং :- দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের দক্ষিণ জেলা হাসপাতালে উচ্চপর্যায়ের প্রশাসনিক প্রতিনিধি দলের পরিদর্শন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে স্বাস্থ্য পরিষেবার ভূয়সী প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে সদ্য চালু হওয়া আইসিইউ ও সিসিইউ পরিষেবাকে জেলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় পদক্ষেপ বলে উল্লেখ করা হয়। শুক্রবার দক্ষিণ জেলা হাসপাতাল, শান্তিরবাজারে পরিদর্শনে আসেন এক উচ্চপর্যায়ের মন্ত্রী ও প্রশাসনিক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ কিরণ গিট্টে, দক্ষিণ জেলার জেলাশাসক পি. সাজ্জাদ পি, ডাঃ দেবশ্রী দেববর্মা, দক্ষিণ ত্রিপুরা জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে. এম. দাস এবং হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ এইচ. মগ। পরিদর্শনের সময় প্রতিনিধি দল হাসপাতালের ল্যাবরেটরি, বিভিন্ন ডায়াগনস্টিক ইউনিট, পুরুষ ও মহিলা ওয়ার্ড, নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং কার্ডিয়াক কেয়ার ইউনিট বা সিসিইউ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো এবং রোগীদের জন্য চালু থাকা বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

santir bazar dist hospital

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা দক্ষিণ জেলা হাসপাতালে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মানের প্রশংসা করেন। পাশাপাশি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমেরও ভূয়সী প্রশংসা করেন তাঁরা। এদিন সদ্য চালু হওয়া আইসিইউ ও সিসিইউ পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। আধুনিক এই দুটি ইউনিট চালু হওয়ায় দক্ষিণ ত্রিপুরার রোগীদের সংকটজনক চিকিৎসা এবং হৃদরোগ সংক্রান্ত পরিষেবা এখন আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করা হয়। ফলে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য আগরতলা বা রাজ্যের বাইরে রেফার করার প্রয়োজন অনেকটাই কমবে বলেও আশা করা হচ্ছে। দক্ষিণ জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের এই উদ্যোগ আগামী দিনে জেলার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে স্বাস্থ্য মহল।

santir bazar dist hospital

শান্তিরবাজার থেকে মিঠুন ভৌমিকের প্রতিবেদন।

You may also like

Leave a Comment