Home » Blog » শান্তিরবাজারে তিপ্রা মথার শক্তি বৃদ্ধি

শান্তিরবাজারে তিপ্রা মথার শক্তি বৃদ্ধি

শান্তিরবাজারে তিপ্রা মথায় যোগ ৩৬৬ ভোটারের

by Planet Tripura
0 comments 7 views

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজারে তিপ্রা মথার শক্তি বৃদ্ধি, একদিনে দলে যোগ ৩৬৬ ভোটারের

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক শক্তি বাড়াতে জোরকদমে মাঠে নেমেছে তিপ্রা মথা। বুধবার একই দিনে পৃথক তিনটি যোগদান সভার মাধ্যমে সিপিআইএম ও বিজেপি ছেড়ে ১৩৩ পরিবারের মোট ৩৬৬ জন ভোটার তিপ্রা মথায় যোগদান করেন।

প্রথম যোগদান সভাটি অনুষ্ঠিত হয় মধ্যটিলা গ্রামে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৪২ পরিবারের ১১০ জন ভোটার তিপ্রা মথার পতাকা হাতে তুলে নেন। দ্বিতীয় সভা হয় রাজাপুর এলাকায়, যেখানে ৬৩ পরিবারের ১৬৭ জন ভোটার দলে যোগ দেন। তৃতীয় সভা অনুষ্ঠিত হয় চরণ পাই পাড়ায়। সেখানে ২৮ পরিবারের ৮৯ জন ভোটার সিপিআইএম ও বিজেপি ত্যাগ করে তিপ্রা মথায় শামিল হন।

তিনটি সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হরেন্দ্র রিয়াং। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “শুধু দলে লোক আনলেই হবে না, জনগণের অভাব-অভিযোগ শুনতে হবে এবং সবসময় তাদের পাশে থাকতে হবে। সাংগঠনিক চেতনা নিয়েই আমাদের এগোতে হবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর-এর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন কেনারাম রিয়াং, শাহ আলম মিয়া, নরেন রিয়াং, প্রবীন কুমার রিয়াং, প্রতাপ রিয়াং, অরূপ দেব এবং সেলিম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিলেজ কমিটি নির্বাচনকে পাখির চোখ করে তিপ্রা মথা যেভাবে ধারাবাহিকভাবে প্রচার কর্মসূচি ও যোগদান সভা চালিয়ে যাচ্ছে, তাতে শান্তিরবাজার এলাকার অন্যান্য রাজনৈতিক দলের অন্দরে চাপা উদ্বেগ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

You may also like

Leave a Comment