Home » Blog » শান্তিরবাজার জেলা হাসপাতালে NQAS টিমের মূল্যায়ন

শান্তিরবাজার জেলা হাসপাতালে NQAS টিমের মূল্যায়ন

জাতীয় স্বীকৃতির লক্ষ্যে শান্তিরবাজার হাসপাতালে পরিদর্শন

by Planet Tripura
0 comments 11 views

শান্তিরবাজার জেলা হাসপাতালে NQAS টিমের পরিদর্শন, জাতীয় স্বীকৃতির আশায় হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি | শান্তিরবাজার | ১ জুন

জাতীয় মানদণ্ড অনুযায়ী স্বাস্থ্য পরিষেবার গুণগত মান যাচাই করতে সোমবার শান্তিরবাজার জেলা হাসপাতাল পরিদর্শনে এল কেন্দ্রীয় এনকিউএএস (National Quality Assurance Standards) প্রতিনিধি দল। হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো, রোগীসেবা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার সামগ্রিক মূল্যায়ন করতে তিন সদস্যের এই দল আগামী তিন দিন ধরে পরিদর্শন চালাবে।

সোমবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এনকিউএএস টিমের সদস্য সুনীত শ্রীবাস্তব, রেণুকা সিন্ধে এবং অঙ্কিতা নাথ। তাঁরা হাসপাতালের বহির্বিভাগ, ওয়ার্ড, জরুরি পরিষেবা, ল্যাবরেটরি, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন সুবিধা খতিয়ে দেখেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের প্রচেষ্টা ও পরিষেবার মানোন্নয়নের ফলেই জাতীয় স্তরের এই মূল্যায়নের সুযোগ এসেছে। সফলভাবে মূল্যায়ন সম্পন্ন হলে হাসপাতালটি জাতীয় স্বীকৃতি এবং অতিরিক্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পরিদর্শন ঘিরে কিছু বিতর্কও সামনে আসে। কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের সময় রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাহুল দাস তাঁদের কাজে বাধা দেন। যদিও এই অভিযোগের বিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাসভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা, ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার লুফাং মগ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক জে এম দাস-সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের আশা, এনকিউএএস টিমের এই মূল্যায়নের মাধ্যমে শান্তিরবাজার জেলা হাসপাতাল জাতীয় স্তরে স্বীকৃতি অর্জন করবে এবং ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষম হবে।

 

You may also like

Leave a Comment